যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ও গাজায় গণহত্যা বন্ধে প্রতিবাদ অব্যাহত রাখায় শিক্ষার্থীদের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। আজ বৃহস্পতিবার (৩০ মে) নিজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে তিনি বলেন, ‘ইতিহাসের পাতা যেভাবে উল্টাচ্ছে, আপনারা তার ডান পাশে দাঁড়িয়ে আছেন।’
আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যজুড়ে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। বিষয়টি ইঙ্গিত করে খামেনি আরও বলেছেন, ‘আপনারা এখন প্রতিরোধ ফ্রন্টের শাখা গঠন করেছেন।’
গত এপ্রিলে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। এর ফলে বিভিন্ন ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। গ্রেপ্তার হয় কয়েক ডজন শিক্ষার্থী। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ ও অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে।
গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর থেকে তাদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে আসছে তেহরান।
ইসরায়েলের পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলায় তাদের এক হাজার ১৮৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়াও হামাস দেশটির ২৫২ জন নাগরিককে জিম্মি করেছে, যাদের মধ্যে ১২১ জন গাজায় রয়েছে। অবশ্য এদের মধ্যে ৩৭ জনকে মৃত দাবি করেছে সেনাবাহিনী।
অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় অন্তত ৩৬ হাজার ১৭১ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু।
ফিলিস্তিনকে তিন দেশের স্বীকৃতি, মুখ খুলল সৌদি
জার্মানিতে মূল্যস্ফীতি-বেতন দুটিই বেড়েছে