এই জুনেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কিলিয়ান এমবাপ্পের। ক্লাবটিতে সাত বছরে তিনি সম্ভাব্য প্রায় সব ট্রফিই জেতাতে সাহায্য করেছেন। তবে ফ্রান্সের রাজধানীর এই ক্লাবটি যে শিরোপার জন্য মরিয়া ছিল, যার জন্য কাড়ি কাড়ি অর্থ খরচ করেছেন কর্তারা, সেটাই জিততে পারেননি। ২৫ বছর বয়সী এমবাপ্পে প্যারিসিয়ানদের ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পরাতে পারেননি। একমাত্র আফসোস হলে হবে এটাই।
পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়ার কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন এই ফরাসি। ২০২০ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেই ম্লান হয় স্বপ্ন। পরের বছর সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে যায় তারা। এই মৌসুমে মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত ট্রফি নিশ্চিত করার জন্য এটি এমবাপ্পের সেরা সুযোগ হবে। তবে তারা আরও একবার সেমিফাইনালের জট খুলতে ব্যর্থ হয়। সিগনাল ইদুনা পার্কে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হারের পর পার্ক দেস প্রিন্সেসেও একই স্কোরলাইন।
সেই হারের পর এবার শেষ হয়েছে মৌসুম। সঙ্গে শেষ হচ্ছে তার চুক্তির মেয়াদ। নতুন ঠিকানা কোথায়, তা এখনও জানাননি তিনি। তবে গুঞ্জন আছে রিয়াল মাদ্রিদে পাড়ি দিচ্ছেন তিনি। আপাতত তাই তাকে ফ্রি এজেন্টই বলা যায়।
অবসর সময়ে থাকা এমবাপ্পে সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনকে। সেখানে উঠে এসেছে এমবাপ্পের প্রতিটি ফলাফলই ফুটবলে তার চলার পথের অংশ, ‘আমি কেবল আমার প্যারিস যাত্রা সম্পর্কে ভাল অনুভূতি, ভাল স্মৃতি চাই। আমি মনে করি এটা যাত্রারই অংশ। অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জেতার অনেক সুযোগ আমার আছে, কিন্তু আমি মনে করি এটা আমার ভাগ্যের অংশ।’
তবে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারার দুঃখে ভালো স্মৃতিগুলো ভুলে গেলে চলবে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা কয়েকবার কাছাকাছি ছিলাম। এখন আমি এমন একটা অবস্থানে আছি যে, আমি শুধু ভালো অনুভূতি চাই, প্যারিসে আমার যাত্রা এবং এই ক্লাবে যা ঘটেছিল তার ভালো স্মৃতি আছে এবং ছোট ছোট খুঁটিনাটি কথা ভুলে গেলে চলবে না।’
