এক্সিট পোল নয়, এটি মোদি মিডিয়া পোল: রাহুল গান্ধী

আপডেট : ০২ জুন ২০২৪, ০৬:১১ পিএম

প্রায় দেড় মাস পরে শনিবার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। শনিবারই এক্সিট পোলে ভারতজুড়ে লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল প্রকাশিত হয়েছে। আর সিংহভাগ এক্সিট পোলের হিসাবে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। 

এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের সংবাদমাধ্যমের সামনে তিনি জানিয়েছেন, এর নাম এক্সিট পোল নয়। এর নাম হলো মোদি মিডিয়া পোল। এটা মোদিজির পোল। এটা তার ফ্যান্টাসি পোল। 

চলে যাওয়ার সময় রাহুলকে প্রশ্ন করা হয়, কত পেতে পারেন আপনারা? এই প্রশ্ন শুনেই ঘুরে দাঁড়ান রাহুল গান্ধী। তিনি বলেন, ‘সিধু মুসেওয়ালার গান কখনও শুনেছেন ২৯৫? ২৯৫।

একথা বলেই চলে যান রাহুল গান্ধী। এর বেশি আর কিছু তিনি বলেননি। এবার রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন তবে কি এবার ইনডিয়া জোট ২৯৫টি আসন পাবে? সেদিকেই কি রাহুল গান্ধী দিক নির্দেশ করলেন? সব মিলিয়ে এক্সিট পোলের ফলাফলকে কেন্দ্র করে নতুন করে জল্পনা ছড়িয়েছে ভারতজুড়ে।

গোটা দেশ তাকিয়ে আছে ইনডিয়া জোট কত পেতে পারে। এদিকে ইনডিয়া জোটের বিভিন্ন শরিকরা ইতিমধ্যেই দাবি করতে শুরু করেছে যে তারাই সরকার তৈরি করবে। এদিকে গেরুয়া শিবির একেবারে জোরালো দাবি করেছে যে সরকার তৈরি করবে এনডিএ।

অপরদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা রবিবার টিভি নাইন বাংলাকে বলেন, মোদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাইভোল্টে, তাদেরও বলি, এবার অত সহজে পার হওয়া যাবে না। এই গভর্নমেন্ট (সরকার) আদৌও কতদিন চলবে, সেটা নিয়ে সন্দেহ আছে।

মমতা সরাসরি ইনডিয়া জোট কত আসন পেতে পারে তা নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি। তিনি শুধু সাক্ষাৎকারে বলেন, আমি আগে রেজাল্টটা দেখব। রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব। আমাদেরও একটা ম্যাথমেটিক্স আছে। আমরা চেষ্টা করব, যাতে আরও আঞ্চলিক দল আমাদের সঙ্গে আসে। সেটাও আমরা দেখব।

অন্যদিকে মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি পূর্ণ আস্থার সঙ্গে এটা জানাচ্ছি যে ভারতবাসী এনডিএ সরকারকে ক্ষমতায় আনতে ভোট দিয়েছেন আর এনডিএ রেকর্ড ভোট পাবে। তারা আমাদের ট্র্যাক রেকর্ড দেখেছেন, কীভাবে গরীব, প্রান্তিক ও অসহায় মানুষদের জীবনকে বদলাতে আমরা কাজ করে গিয়েছি সেটা তারা দেখেছেন। কীভাবে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো পক্ষপাতিত্ব ছাড়াই সরকারি স্কিমগুলো মানুষের কাছে গিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত