দেশের উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হওয়া ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখতে বুধবার (৫ জুন) পটুয়াখালী পরিদর্শনে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল। রবিবার (২ জুন) বিকেলে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এবং পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
সভায় সর্বসম্মতিক্রমে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে উল্লিখিত নেতৃবৃন্দ আগামী ৫ জুন (বুধবার) উপদ্রুত এলাকা পরিদর্শনে পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
