বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ হলো— রাসেলস ভাইপার। এটিকে চন্দ্রবোড়া বা উলুবোড়াও বলা হয়ে থাকে। বিষধর এই সাপটি নিজে থেকে ছুটে এসে আক্রমণ করে। দাঁত অনেক গভীর ও সুচালো। বিষ প্রয়োগে সময় নেয় এক সেকেন্ডেরও কম। সাপটির বিষক্রিয়ায় রক্ত জমা বন্ধ হয়ে যায়। ফলে অত্যধিক রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যু হয়।
এই প্রজাতির সাপের কামড়ের কিছুক্ষণ পরই দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি দংশিত স্থান দ্রুত ফুলে যায় এবং ঘণ্টা খানিকের মধ্যে দংশিত স্থানের কাছে শরীরের আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায়। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে।
গত তিন মাসে রাজধানী ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় এই বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত পাঁচজন মারা গেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান জানিয়েছেন, তার উপজেলার তিনটি ইউনিয়নের চরাঞ্চলে রাসেলস ভাইপারের কামড়ে আহত হওয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। গত তিন মাসে মারা গেছেন পাঁচজন। এখন ধান কাটার মৌসুম চলছে। তাই তারা কৃষকদের সচেতন করার চেষ্টা করছেন। পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ জুতার ব্যবস্থা করা যায় কি-না সেটিও দেখছেন।
এখন প্রশ্ন হলো- এই বিষধর সাপটি মানিকগঞ্জে এলো কীভাবে? এ বিষয়ে বিবিসি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান বলেছেন, পদ্মার অববাহিকা ধরেই রাসেলস ভাইপার মানিকগঞ্জের চরাঞ্চলে গেছে।
অধ্যাপক ফরিদ আহসান রাসেলস ভাইপারের পুনরাবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন। তিনি বলেছেন, ২০১৩ সাল থেকে এই সাপটি বেশি দেখা যাচ্ছে। পদ্মার চরাঞ্চল থেকে শাখা ও উপনদী ধরে কচুরি পানার সাথে এগুলো পাশের এলাকাগুলোতে যাচ্ছে। মানিকগঞ্জের চরে সেভাবেই গেছে বলে মনে হচ্ছে।
ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে, যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেলস ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন। এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ-নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানান অধ্যাপক ফরিদ আহসান।
সাপে কামড়ালে কি করবেন?