হাইকোর্টের রায় বহাল

আফতাবনগরে বসতে পারবে না পশুর হাট

আপডেট : ০৩ জুন ২০২৪, ০১:৩০ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইজারাদার নুরুল হকের করা আবেদন সোমবার (৩ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ খারিজ করে দেন।

আদালতে রিটকারী পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক । ইজারাদারের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আজমালুল হোসেন কেসি।

আসন্ন ঈদুল আজহা কেন্দ্র করে গত ৪ এপ্রিল  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষে কোরবানি পশুর হাটের ইজারার বিজ্ঞপ্তি দেওয়া হয়। ডিএসসিসির বিজ্ঞপ্তি দেওয়া ১১টি পশুর হাটের মধ্যে আফতাবনগর একটি। তবে আফতাবনগর আবাসিক এলাকা হওয়ায় সেখানে পশুর হাটের ইজারার বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন কাজল।

৮ মে শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদেশে ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ইজারাদার নুরুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত