নারী সাফ ঢাকায় নয় কাঠমান্ডুতে

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৩:৩২ পিএম

জোড় আলোচনা ছিল অক্টোবরে ঢাকায় বসবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে আয়োজক হওয়ার আগ্রহ দেখিয়েছিল। সম্প্রতি বসুন্ধরা কিংস অ্যারেনায় মর্যাদার আসর আয়োজনের সিদ্ধান্তও একপ্রকার চূড়ান্ত করেছিল তারা।

তবে সাফ বাফুফেকে দেয়নি আয়োজক স্বত্ব। বরং গতবারের মতো এবারও নারী সাফ বসবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ১৭ থেকে ৩০ অক্টোবর এই আসরে অংশ নিবে সাফের সাত সদস্য দেশ। সোমবার সাফের সভায় হয়েছে এই সিদ্ধান্ত।

২০২২ সালে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসনে বসেছিল বাংলাদেশ। এবার সাবিনারা স্বপ্ন দেখেছিল ঘরের মাঠে সেই শিরোপা ধরে রাখার। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় ভেন্যু নিয়ে একটা শঙ্কা ছিল বাফুফের। তিনদিন আগে নারী সাফের ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনাকে বেঁছে নেওয়ার কথা বলেছিলেন নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার।

তবে সাফ তাতে সায় দেয়নি। আগ্রহ ছিল ভুটানেরও। তবে ফ্লাইট নিয়মিত না থাকায় তাদের আগ্রহ বিবেচনায় আসেনি। বরং সব দিক চিন্তা করে কাঠমান্ডুকেই দেওয়া হয়েছে আয়োজক স্বত্ব। সাফের সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন বিষয়টা।

তিনি আরও জানান, এ বছর আগস্টে নেপালে  হবে সাফ অনূর্ধ্ব-২০ মেন্স চ্যাম্পিয়নশিপ। এরপর সেপ্টেম্বরে ভুটান আয়োজন করবে অনূর্ধ্ব-১৭ বয়েজ চ্যাম্পিয়নশিপ। এ ছাড়া যুক্তরাষ্ট্র মালিকানাধীন সিঙ্গাপুরভিত্তিক মার্কেটিং প্রতিষ্ঠান  স্পোর্টস ফাইভ সাত দেশের সাত লিগ চ্যাম্পিয়ন নিয়ে আগামী বছর হোম অথবা অ্যাওয়ে ভিত্তিক ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন নিয়ে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত