পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। সোমবার (৩ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীরের দেশত্যাগে আদালতও নিষেধাজ্ঞা দেয়নি, দুদকও দেয়নি। কারও ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে, তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন।
আগামী ৬ জুন দুদকে বেনজীরের হাজিরা আছে। সে বিষয়ে মন্ত্রী বলেন, ৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন।
মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমার সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। ৩১ মে (কর্মী পাঠানোর) যে ডেডলাইন ছিল, সেটা যেন বর্ধিত করা হয়, সেজন্য আলোচনা চলছে।
