যেভাবে হয় ভারতের ভোট গণনা

  • এবারও ভারতে ভোটগ্রহণ হয়েছে ইভিএম দিয়ে, এতে ভোট গণনা খুব দ্রুত শেষ হবে
  • যদিও ইতিমধ্যে বেশীরভাগ আসনেই এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট
আপডেট : ০৪ জুন ২০২৪, ১১:২৯ এএম

ভারতে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে শুরু হয়েছে ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। দেশটির নতুন সরকার গঠন করবে কে তা ভোট গণনা শেষে আজই জানা যাবে। গণনা শেষে স্পষ্ট হবে কে বসতে যাচ্ছেন দিল্লির মসনদে।

বিশ্বের সব চেয়ে বড় নির্বাচন বলে পরিচিত এই প্রক্রিয়ায় প্রায় ১০০ কোটি মানুষ ভোটার ছিলেন, যার মধ্যে ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে। গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১ জুন পর্যন্ত সাত দফায় ভোটগ্রহণ হয়েছে এবারের লোকসভা নির্বাচনে।

১ জুন সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই আসতে শুরু করে এক্সিট পোল বা বুথফেরত জরিপের ফলাফল।

প্রায় প্রতিটি বুথফেরত জরিপের ফলাফলে দেখা গেছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৫০ আসনের বেশি পেয়ে তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়তে যাচ্ছে। তবে বুথফেরত জরিপই চূড়ান্ত ফল নয়। চূড়ান্ত ফল জানাবে ভারতের নির্বাচন কমিশন।

তবে ভারতে ভোট গণনা কীভাবে হয়, আর ঠিক কখনই বা ভোটের ফল অর্থাৎ জয়-পরাজয়ের চিত্র মোটামুটি স্পষ্ট হবে?

ভারতে ভোট গণনার নিয়ম

অতীতের মতো এবারও ভারতে ভোটগ্রহণ করা হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম দিয়ে, যার ফলে ভোট গণনা খুব দ্রুত শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। ২০০৪ সাল থেকে, ভারত কাগজের ব্যালটের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে আসছে।

গণনার দিন, নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএমগুলো বের করে সিলমুক্ত করা হয়। তবে শুরুতে পোলিং অফিসারদের পোস্টাল ব্যালট গণনার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা।

এর প্রায় ৩০ মিনিট পর শুরু হয় ইভিএমে ভোট গণনা। প্রতিটি রাউন্ডে ১৪টি ইভিএমে ভোট গণনা করা হয় এবং ফলাফল ঘোষণা করা হয়। এক রাউন্ডে ১৪টি টেবিলে, ১৪টি ইভিএম একসঙ্গে খোলা হয়। ইভিএম-এ পড়া ভোট গণনা শেষ হলে প্রথম রাউন্ড সম্পন্ন হয়।

এভাবে একটি রাউন্ড শেষ হওয়ার পর একটি ব্ল্যাকবোর্ডে প্রাপ্ত ফলাফল লেখা হয়। তারপর শুরু হয় পরবর্তী রাউন্ড।

তবে মোট কতটি রাউন্ডে ভোট গণনা করা হয় তা নির্ভর করে ওই আসনে কত ভোট পড়ছে তার ওপর। অনেক আসনে আট থেকে ১০ রাউন্ডে ফলাফল জানা গেলেও অনেক আসনে বেশি ভোট পড়ার কারণে সময় বেশি লাগে। কিছু কিছু জায়গায় ১৪-২৪ রাউন্ড পর্যন্ত গণনা চলতে পারে।

ইভিএম মেশিন

এরপর গণনা কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তারা ইভিএমের সিল খুলে একটি ‘কন্ট্রোল ইউনিট’ এবং একটি ‘ব্যালট ইউনিট’-এ আলাদা করেন। ‘কন্ট্রোল ইউনিট’ একটি ‘রিডিং মেশিন’-এর সাথে সংযুক্ত। ‘রিডিং মেশিন’ ইভিএম-এ প্রদত্ত ভোটের সংখ্যা নির্ধারণ করে এবং ‘গণনা শীটে’ রেকর্ড করে।

গণনার শীটে নথিভুক্ত ভোটের সংখ্যা বিভিন্ন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যার সঙ্গে মিলিত হয়। এই মিলটি ভোটিং অফিসার এবং পার্টি এজেন্টের উপস্থিতিতে করা হয়। ভোট গণনা সম্পন্ন হওয়ার পর ‘গণনা কর্মকর্তা’ ফলাফল ঘোষণা করেন।

ইভিএম-এ দেওয়া ভোটের রেকর্ড যাচাই করতে ভিভিপিএটি ব্যবহার করা হয়। ভোট গণনা প্রক্রিয়া শেষ হওয়ার পর, নির্বাচন কমিশন বিজয়ী প্রার্থীকে একটি সনদপত্র প্রদান করে থাকে।

ভোট গণনাকে কেন্দ্র করে সারাদেশে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে সহিংসতাপ্রবণ পশ্চিমবঙ্গের কিছু রাজ্যের প্রতিটি গণনাকেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, পুলিশের সশস্ত্র বাহিনীসহ স্থানীয় থানার পুলিশ কর্মকর্তারাও আজ গণনা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

চলতি বছরের ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে খরচ হয়েছে ১ লাখ ৩৫ হাজার কোটি রুপী। ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিজের’ তথ্য বলছে, ১ লাখ ৩৫ হাজার কোটি রুপী খরচ করে ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচন বিশ্বের সব থেকে ব্যয়বহুল নির্বাচন হয়ে উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত