ভারতের আরেক নাম ইন্ডিয়া। অন্যদিকে এবারের লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলোর জোটের নামও ‘ইন্ডিয়া।’ তবে জোটের এই নাম দেশ থেকে আসেনি। ইন্ডিয়ার ইংরেজি বানানের পাঁচটি অক্ষরের পূর্ণ অর্থ হচ্ছে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স।’
ইন্ডিয়া জোট ২৮টি বিরোধী দল নিয়ে গঠিত। এরমধ্যে রয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। আরও রয়েছে সমাজবাদী পার্টি, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে), শিবসেনা (উদ্ধব ঠাকরে), জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার), যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি) ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিআই(এম)।
লোকসভার প্রাথমিক ফলাফল অনুসারে, ইতোমধ্যেই বুথফেরত জরিপকে ভুল প্রমাণ করছে ইন্ডিয়া। ধারণা করা হচ্ছে, এবার বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হতে পারে এই জোট।
ভারতে ৪৭ দিন ধরে নির্বাচনী কার্যক্রম শেষ হওয়ার পর আজ মঙ্গলবার (০৪ জুন) চলছে ভোট গণনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এবারের নির্বাচনে প্রায় ৯৭ কোটি মানুষ ভোট দেওয়ার যোগ্য ছিল। এর মধ্যে ৩১ কোটি ২০ লাখ নারী ভোটারসহ মোট ৬৪ কোটি ৩০ লাখ ভোটার নির্বাচনে অংশ নিয়েছে, যা একটি বিশ্ব রেকর্ড।
