কুমিল্লার বরুড়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর পয়ালগাছা সাব জোনালের আওতায় একবাড়িয়া উপকেন্দ্র অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৩ জুন) রাত সাড়ে ১১টায় বরুড়া উপজেলা ভাউকসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের জহির হোসেন মেম্বারের নেতৃত্বে একবাড়ি বিদ্যুৎ উপকেন্দ্র অফিসের স্টাফদের মারপিট করে এবং অফিস ভাঙচুর চালায়।
পরবর্তী সিসি ক্যামরায় দেখে অফিস ভাঙচুরকারীদের শনাক্ত করেন কুমিল্লা জেলা বরুড়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর পয়ালগাছা সাব জোনালের এজিএম জাহিদুল হাসান। তারপর তিনি এই বিষয়ে থানায় অভিযোগ করলে অভিযুক্তকারী জহির মেম্বারকে আটক করে বরুড়া থানা পুলিশ।
এই বিষয়ে পয়ালগাছা সাব জোনাল অফিসের এজিএম জাহিদুল হাসান বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শৈলখালী এলাকায় খুটি হেলে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। হেলে যাওয়া খুটি সোজা করা সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু বিলম্ব হওয়ায় জহির মেম্বার লোকজন নিয়ে একবড়িয়া উপকেন্দ্রে হামলা ও ভাঙচুর করে। বিষয়টি আমাদের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মমিরুল হক বলেন, এই বিষয়ে আজ মঙ্গলবার থানায় মামলা হয়েছে এবং জহির মেম্বারকে আটক করা হয়েছে।
