গাছ কাটার প্রতিবাদে ‘লালকার্ড’ প্রদর্শন

আপডেট : ০৪ জুন ২০২৪, ১১:২৪ পিএম

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএর গাছ কাটার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ‘লালকার্ড’ প্রদর্শন করেছে গাছ রক্ষা কমিটি। এর আগে নদী বন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ প্রকল্প কাজ পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৯ টায় শহরের মাছঘাট এলাকায় শীতলক্ষ্যা পাড়ের নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে আসেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। খবর পেয়ে সকাল ১০টায় সেখানে জড়ো হয় গাছ রক্ষার দাবিতে আন্দোলনকারীরা।

এসময় প্রতিবাদকারীদের হাতে থাকা ব্যানারে লিখা ছিল, ‘একটি গাছও লাগানো সম্ভব না বিআইডব্লিউটিএর প্রকল্প পরিচালকের এই অমার্জনীয় সিদ্ধান্তের প্রতিবাদে লালকার্ড প্রদর্শন। এসময় হাতে লাল কার্ড নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় তাদেরকে।

জানা গেছে, শীতলক্ষ্যা পাড়ে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ওই উন্নয়ন প্রকল্পের জন্য ৮১টি গাছ কাটার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কেটে ফেলা হয়েছে অনেকগুলো গাছ।

এর আগে এ সংক্রান্ত এক সভায় প্রকল্পের পরিচালক (পিডি) বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আইয়ুব আলী বলেন, একটা গাছও রাখা সম্ভব না। প্রকল্পের বাস্তবায়ন করতে হলে গাছগুলো কাটতে হবে। বিকল্প উপায় আমাদের হাতে নেই। থাকলে তেমনটাই করা হতো।

তবে একই সভায় শীতলক্ষ্যা পাড়ে অন্তত ৫০০ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রকৌশলী আইয়ুব বলেন, আসছে বর্ষা মৌসুমে আপনাদের পরামর্শ অনুযায়ী স্থান নির্বাচন করে গাছগুলো লাগানো হবে। প্রয়োজনে একটার জায়গায় আমরা দশটা গাছ লাগাবো।

আইয়ুব আলী জানান, বাংলাদেশ রিজিওনাল ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট প্রজেক্ট-১ এর আওতায় শীতলক্ষ্যা নদীর পাড়ে নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে ২৯০ মিটার জায়গাজুড়ে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের প্রকল্প নিয়েছে বিআইডব্লিউটিএ। বিশ্বব্যাংকের অর্থায়নে সেখানে নতুন চারতলা টার্মিনাল ভবন ও পার্কিং প্লেস নির্মাণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত