বন্যা হলে সেই এলাকায় এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৩:১৭ পিএম

দেশের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা থাকায় চলতি মাসের ৩০ তারিখ শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে এই পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (৫ জুন) এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এই তথ্য জানান।

সভা শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন আবহাওয়ার যে পূর্বাভাস আছে, আমাদের বিভিন্ন নদীর পানি সীমা ঊর্ধ্বমুখী, সেখানে বিপৎসীমা অতিক্রম করছে, সেটা নিয়ে এরই মধ্যে আমরা অবগত। যেসব কেন্দ্র এবং অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে আমরা এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছি। যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধু সেখানে পরীক্ষা নেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, এবার সব পরীক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৪ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।

এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ ৫০ হাজার ২৮১ এবং ছাত্রী সাত লাখ ৫০৯ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন।

এ বছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৭২৫টি। গত বছরের তুলনায় কেন্দ্রে বেড়েছে ৬৭টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৯৮টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত