ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে জাতির পিতা বঙ্গবন্ধু স্কুলের নাম পরিবর্তন করে নামকরণ করে ছিল কামারপাড়া স্কুল। এ নাম পরিবর্তনের জন্য সরকারের কাছে আবেদন করা হবে। এর পাশাপাশি স্কুলে নতুন একটি ভবন করার কথা জানাব।
বুধবার (৫ জুন) দুপুরে তুরাগের কামারপাড়া স্কুল এন্ড কলেজ বার্ষিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলমান রয়েছে। কিন্তু এই চক্রান্ত করে কোনো লাভ হবে না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম থাকবে।
তিনি আরো বলেন, শুধু স্কুলে এসে পড়াশোনা করলেই হবে না, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ সময় তিনি পরিবার ও বাবা-মার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গভর্নিং বডি সভাপতি মো. মহিবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির উদ্দিন, নুর ইসলাম মোল্লা সুরুজ, মো. সোহেল শেখ, স্কুলের অধ্যক্ষ খুরশিদ জাহান।
