এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের চার ম্যাচের চারটি ভিন্ন ভেন্যুতে খেলতে হচ্ছে শ্রীলঙ্কাকে। স্বাভাবিকভাবে যাতায়াতের ঝক্কির প্রসঙ্গ সামনে চলে এসেছে। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস ছাড়া আর কোনো দলকেই গ্রুপ পর্বে এত দৌড়ঝাঁপ করতে হবে না। লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও স্পিনার মহেশ থিকশানা বিশ্বকাপের ব্যবস্থাপনা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন।
বিষয় নিয়ে শ্রীলঙ্কার জাতীয় সংসদে আইসিসির সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। বলেছেন, ‘কেবল আমাদের দলের জন্য কেন এমন সৎমায়ের মতো আচরণ? প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দিলে আমরা জয় আশা করতে পারি না। এটি তাদের ফলাফলকে প্রভাবিত করবে।’ আইসিসির এসব ‘অন্যায্য’ কার্যকলাপ দেখার জন্য শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীকে আহ্বান জানিয়েছেন প্রেমাদাসা।
শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। হোটেল থেকে মাঠে যেতে প্রায় এক ঘণ্টা ৪০ মিনিটের মতো সময় লেগেছে লঙ্কানদের। অথচ মাঠের খুব কাছে একটি হোটেলে রাখা হয়েছে প্রোটিয়াদের।
দক্ষিণ আফ্রিকার পরের দুটি ম্যাচও নিউ ইয়র্কে, একই ভেন্যুতে। দক্ষিণ আফ্রিকার মতো টানা তিনটি ম্যাচ নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে খেলার সুবিধা পাচ্ছে ভারত। নেপালের বিপক্ষে শেষ ম্যাচের জন্য প্রোটিয়াদের উড়ে যেতে হবে কিংসটাউনে। ভারত অবশ্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতেই শেষ গ্রুপ ম্যাচটি খেলবে। অথচ সূচির কারণে প্রতি ম্যাচ শেষে এয়ারপোর্টে ছুটিতে হবে শ্রীলঙ্কান ক্রিকেটারদের।
