সংসদে বাজেট উপস্থাপন শুরু

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৩:৪০ পিএম

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট উত্থাপন করছেন আবুল হাসান মাহমুদ আলী। বিকাল ৩টায় নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

টানা চতুর্থ মেয়াদে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট। পাশাপাশি বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম বাজেট।

‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’- এবারের বাজেটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেটের আকার চূড়ান্ত করা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি।  

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা বাজেট ঘোষণা করেছিল সরকার। আসন্ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের জন্য তা ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।

এর আগে বাজেট ঘোষণার জন্য সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে রওনা দেন অর্থমন্ত্রী। বেলা পৌনে ১১টায় সংসদে পৌঁছান তিনি। বাসভবন থেকে বেরিয়ে গণমাধ্যমকে অর্থমন্ত্রী বলেন, ‘যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করছি। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত