লিটনকে স্বরূপে দেখতে চান প্রধান নির্বাচক

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৯:৫৮ পিএম

প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর দলের সঙ্গে প্রথম বিদেশ সফর। যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছেন দলের সঙ্গে। যে সময়টা আবার ভালো যাচ্ছে না বাংলাদেশের। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর থেকে চাপে আছে দল। বিশেষ করে লিটন দাস অফ ফর্মের ধারাবাহিকতায় বিদ্ধ হচ্ছেন সমালোচনার তীরে।

তবে এমন খারাপ সময়ে তিনি পাশে পেয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে। প্রধান নির্বাচক জানিয়েছেন, দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তারা। দলের কাছে সেরা পারফরম্যান্স চান তিনি।

দলের সবচেয়ে দামি প্রশ্ন তানজিদ তামিমের সঙ্গে কে করবে ওপেন? লিটন দাস নাকি সৌম্য সরকার? লিটনে সন্তুষ্ট হতে না পারলেও সবার মতো প্রধান নির্বাচকও তার মেধায় মুগ্ধ।

বাংলাদেশ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘যে খেলার জন্য লিটন কুমার দাস বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেয়েছে সেই নামের সঙ্গে সে (লিটন) এখনো সেই পর্যায়ে আসতে পারেনি। অবশ্যই খেলার মাধ্যমেই হয়ত তিনি ফেরত আসবেন। ’

লিটনের মত পুরো দলই নিজেদের সেরা সময় খুঁজে ফিরছে। তাই গাজী আশরাফের চেষ্টা দলকে উজ্জীবিত করার। প্রধান নির্বাচক বলেন, ‘দলকে কিভাবে চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায় আমার মনে হয় সে দিকটা আমাদের ফোকাস করা উচিত। খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের গ্লানি কিছুটা রিকভার করব।’

প্রতিপক্ষ শ্রীলঙ্কা যখন বিপর্যস্ত। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস আর মূল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ স্বপ্নটাই ধুল্যিসাৎ হবার পথে তখনও বাংলাদেশ নিজেদের নিয়েই ভাবনায় বন্দী।

গাজী আশরাফ হোসেন লিপু আরও বলেন, ‘তাদের হয়ত আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে। কিন্তু আমার মনে হয় তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটটাই খেলতে হবে। কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরম্যান্সটা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি আমার মনে হয় দলকে সেদিকটাতে নজর দিতে হবে।’

শরিফুলের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। তার গতিপথ নির্ধারিত হবে প্রথম ম্যাচের ফলের উপর। প্রধান নির্বাচক বলেন, আমরা আমাদের সঙ্গে একজন পেস বোলার ক্যারি করছি হাসান। সে আমাদের সঙ্গেই আছে। কিন্তু আমরা শরিফুলকে পেতে আগ্রহী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত