'এটাই ক্রিকেটের সৌন্দর্য', যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হার দেখে বললেন উইলিয়ামসন

আপডেট : ০৭ জুন ২০২৪, ০১:০৬ পিএম

আজ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউ জিল্যান্ড। সে জন্য গায়ানায় প্রস্তুতি শেষে টিভিতে খেলা দেখছিলৈন কেন উইলিয়ামসন। দেখলেন যুক্তরাষ্ট্র হারিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সফল দল পাকিস্তানকে। মুগ্ধ নিউ জিল্যান্ড অধিনায়ক বললেন, এসব ম্যাচই ক্রিকেটের সৌন্দর্য।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের এবারের বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ১৬ থেকে ২০ করেছে আইসিসি। টুর্নামেন্টে দল সংখ্যা বাড়ানোয় সহযোগী দেশগুলোর এমন পারফরম্যান্স দেখা যাচ্ছে বলে মনে করছেন উইলিয়ামসন। তিনি বলেছেন, সম্প্রসারিত টুর্নামেন্ট ক্রিকেটের উন্নতির পথে দারুণ এক পদক্ষেপ, 'এই ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা দলগুলোকে কেবল উপকৃতই করবে। টুর্নামেন্টের সময় যেকোনো কিছু ঘটতে পারে, আর এটাই খেলাটির সৌন্দর্য। তবে এটা ক্রিকেটের উন্নতির জন্য দারুণ কিছু।'

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যাচটি গায়ানায় বসে দেখেছেন উইলিয়ামসন। তার মতে, এসব টুর্নামেন্টে সব দলের দারুণ সম্ভাবনা থাকে ভালো করার।

'দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচ ছিল। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, এসব টুর্নামেন্টে সব দলেই প্রতিভাবান খেলোয়াড় থাকে। ওই দিন আপনি কেমন খেলেন (ফল) তার ওপর নির্ভর করে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত