‘নদী ভাঙনের মূল কারণ অবৈধ বালু উত্তোলন’

আপডেট : ১২ জুন ২০২৪, ০৩:১৯ পিএম

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নদী তীরবর্তী এলাকায় ভাঙনের মূল কারণ নদী থেকে রাতের আধারে অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলন। বালু ব্যবসায়ীরা স্থানীয়দের সাথে যোগসাজশ করে অবৈধ বালু উত্তোলন করে বিপুল টাকার মালিক হয়। কিন্তু তাদের কারণে সরকারের প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়। বাঁধ ধসে পড়ে। তখন স্থানীয় জনগণ ও মিডিয়া আমাদের দোষারোপ করে।

বুধবার (১২ জুন) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মানদী তীরবর্তী গাওদিয়া ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, পদ্মা সেতুর কারণে পদ্মা নদীর গতিপথ কিছুটা পরিবর্তন হয়েছে। এছাড়া প্রায় তিন কিলোমিটার এলাকার নদীচর বিলীন হয়ে যাওয়ায় কারণে নদী গতিপথ পরিবর্তন হয়ে নতুন কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

মন্ত্রী বলেন, লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার পদ্মার তীর সংরক্ষণের কাজ অব্যাহত রয়েছে। নতুন করে ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ এলাকাগুলো স্থায়ী বাঁধের আওতায় আসবে বলে জানান তিনি।

এ সময় মুন্সীগঞ্জের-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন, লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এম শোয়েব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জাকির হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত