ছেলে দোষী সাব্যস্ত

আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার বাইডেনের

  • জুরিবোর্ডের সিদ্ধান্তকে সম্মান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রতিশ্রুতি বাইডেনের
  • হান্টার দোষী সাব্যস্ত হলে ছেলের সাজা মওকুফ করানোর চেষ্টা করবেন না তিনি
আপডেট : ১২ জুন ২০২৪, ০৩:২৮ পিএম

আগ্নেয়াস্ত্র ও মাদক মামলায় দোষী প্রমাণিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। ৫৪ বছর বয়সী প্রেসিডেন্ট পুত্রকে ২০১৮ সালে কোকেনে আসক্ত থাকাকালীন একটি হ্যান্ডগান ক্রয়ের সঙ্গে সম্পর্কিত তিনটি অভিযোগে গতকাল মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছেন মার্কিন আদালত।

তবে আগ্নেয়াস্ত্র মামলায় ছেলেকে দোষী সাব্যস্ত করে জুরিবোর্ডর দেওয়া সিদ্ধান্তকে সম্মান এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। খবর বিবিসি।

মঙ্গলবার (১১ জুন) এক বিবৃতিতে এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ক্ষমতায় থাকা কোনো প্রেসিডেন্টের ছেলে দোষী সাব্যস্ত হয়েছেন। আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বাইডেনপুত্র হান্টার। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এই রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন হান্টারের মা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।

এখন হান্টারের বিরুদ্ধে সাজা ঘোষণা বাকি। তিনি যে অপরাধ করেছেন, তাতে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এতদিন ডেলাওয়ার অঙ্গরাজ্যের আদালতে হান্টারের বিরুদ্ধে বিচার চলাকালীনে কোনো শুনানিতে অংশ নেননি জো বাইডেন। কিন্তু রায় ঘোষণার পর বাইডেন ডেলাওয়ারের উইলমিংটনে যান। সেখানে গিয়ে তিনি ছেলেকে জড়িয়ে ধরেন।

বিবৃতিতে বাইডেন আরও জানান, হান্টার আপিল করার কথা ভাবছেন। এ অবস্থায় তার বিরুদ্ধে যে সাজাই ঘোষণা করা হোক না কেন, এই বিচারপ্রক্রিয়ার প্রতি তার শ্রদ্ধা বজায় থাকবে। 

 বাইডেন এর আগেও বলেছেন, হান্টার দোষী সাব্যস্ত হলে তিনি তার ক্ষমতাবলে ছেলের সাজা মওকুফ করানোর চেষ্টা করবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত