আগ্নেয়াস্ত্র সংক্রান্ত তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। মঙ্গলবার (১১ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালত দীর্ঘ এক সপ্তাহ ধরে চলা এ ফৌজদারি মামলার শুনানির পর হান্টারকে দোষী সাব্যস্ত করেন।
তবে ছেলের সাজা বাইডেন কমাবেন কি না, এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে গতকাল বুধবার এ কথা জানান।
হান্টার প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের ছেলে, যিনি ফৌজদারি অপরাধে দোষীসাব্যস্ত হয়েছেন। এখন তার বিরুদ্ধে সাজা ঘোষণার অপেক্ষা। বিবিসির খবরে বলা হয়, বাইডেনপুত্রের বিরুদ্ধে প্রথম অভিযোগ, আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দেন। দ্বিতীয় অভিযোগ, অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন। তৃতীয় অভিযোগ হলো, হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিলেন।
এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টার বাইডেনের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর মধ্যে আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেওয়ার জন্য তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, অস্ত্র বিক্রেতার নথিতে মিথ্যা তথ্য সন্নিবেশের অপরাধে সর্বোচ্চ ৫ বছর এবং মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখায় তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।যেসব অভিযোগে হান্টার দোষী সাব্যস্ত হয়েছেন, তাতে তার সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা কমানো কিংবা তাকে ক্ষমা করে দেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তাই সাজা হলে কি ছেলে হান্টারকে ক্ষমা করবেন বাইডেন? এ প্রশ্ন এখন অনেকের মনে।
এ বিষয়ে কারিন জিন-পিয়েরেকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে তিনি শুধু বলেন, ‘নতুন করে বলার কিছু নেই। এ বিষয়ে যা বলার প্রেসিডেন্ট (বাইডেন) আগেই বলেছেন।’
হান্টারকে দোষীসাব্যস্ত করার আগেই বাইডেন বলেছেন, তিনি তার ক্ষমতাবলে ছেলেকে ক্ষমা করবেন না। এছাড়া মঙ্গলবার হান্টারকে দোষীসাব্যস্ত করার পরও বাইডেনকে একই অবস্থান প্রকাশ করতে দেখা গেছে। ওই দিন এক বিবৃতিতে তিনি বলেন, এ মামলায় যে রায়ই আসুক, তিনি বিচারপ্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।
এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র সাংবাদিকদের বলেন, হান্টারের সাজা কমানো বা তাকে ক্ষমা করার বিষয়ে তিনি বাইডেনের সঙ্গে কোনো কথা বলেননি। গত সপ্তাহেই বাইডেন এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ছেলেকে ক্ষমা করতে নিজের ক্ষমতা খাটাবেন না।
বিশেষজ্ঞরা বলছেন, হান্টারকে যদি কারাদণ্ড দেওয়াও হয়, তবু সর্বোচ্চ সাজা হওয়ার সম্ভাবনা খুব কম। আর সাজা ঘোষণার পর আপিল আবেদন করতে হান্টারের আইনজীবী দল ৩০ দিন পর্যন্ত সময় পেতে পারে।
এক তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক, অন্যজনকে সন্তান ধারণের প্রস্তাব ইলন মাস্কের!
দোষী সাব্যস্ত হলেন জো বাইডেনের ছেলে, কী সাজা হবে?