বেদখলে রাফা ক্রসিং, হজে যেতে পারলেন না ২৫০০ ফিলিস্তিনি

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৬:১৩ পিএম

ইসরায়েলের হামলা ও গাজার সঙ্গে মিসরের সংযুক্তকারী রাফা ক্রসিং ইসরায়েলের দখলে থাকার কারণে চলতি বছর ২৫০০ ফিলিস্তিনি হজে যেতে পারেননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইকরামি আল-মুদাল্লাল এটিকে ধর্মীয় স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। 

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে হাজারও ফিলিস্তিনি হজ পালন করতে গেলেও অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কোনো ফিলিস্তিনি এবার হজে যেতে পারেননি। 

ইকরামি আল-মুদাল্লাল বলেন, ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধের কারণে মিসর ও সৌদি আরবের মধ্যে দিয়ে পরিবহণ চুক্তি স্বাক্ষর এবং মক্কা ও মদিনায় হাজীদের থাকার জায়গা বুকিংসহ হজের স্বাভাবিক প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি মন্ত্রণালয়। 

তিনি বলেন, রাফা ক্রসিং বন্ধ করা এবং চলমান সংঘাত ২৫০০ গাজার মুসলিম ও সহগামী মিশনগুলোকে হজের জন্য ভ্রমণ করা থেকে বিরত রেখেছে। এই দলটি মোট ৬ হাজার ৬০০ ফিলিস্তিনি হজযাত্রীর ৩৮ শতাংশ।

গাজার মানুষ সাধারণত রাফা ক্রসিং দিয়ে প্রথমে মিসরে যান। এরপর সেখান থেকে তারা সৌদিতে পৌঁছান। কিন্তু মে মাস থেকে এই ক্রসিংটি বন্ধ করে রেখেছে ইসরায়েলিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত