বকেয়া বেতন-ভাতা পেতে অনশনে অবসরপ্রাপ্ত প্রকৌশলী

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৭:৪০ পিএম

ঠাকুরগাঁওয়ে বকেয়া বেতন-ভাতা, অবসর ভাতার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. বেলায়েত হোসেন অনশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঠাকুরাগঁও প্রেস ক্লাব চত্বরে তিনি অবশন কর্মসূচি পালন করেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, ১৯৮৩ সালে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মভিত্তিক সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পেয়ে প্রথম গাইবান্ধার উপবিভাগীয় প্রকৌশলী পদে যোগদান করেন। এরপর বিভিন্নস্থানে দায়িত্ব পালনের পর ঠাকুরগাঁওয়ে হিসাব রক্ষণ কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে উচ্চতর স্কেলে বেতন ভাতা প্রাপ্ত হন। পরবর্তিতে ১৯৯৬ সালে হিসাবরক্ষণ কার্যালয় নিরীক্ষাকালে নিরীক্ষা দল তার উচ্চতর স্কেলে বেতন ভাতা প্রাপ্তের ওপর আপত্তি উত্থাপন করে। ২০০০ সালে তার চাকরি রাজস্ব বাজেটের অন্তর্ভুক্ত করা হয়। এরপর তিনি ২০১০ সালের জুন মাসে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় থেকে তিনি অবসরে যান। পরবর্তিতে দীর্ঘ ১৪ বছর অতিবাহিত হলেও তিনি তার বকেয়া বেতন-ভাতা ও অবসর ভাতা আহরণ করতে পারেননি। ১৯৮৩ সালে চাকরিতে যোগদান করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২০০০ সাল থেকে অবসর ভাতা দিতে চাইলে অস্বীকৃতি জানায়।

তিনি অভিযোগ করে বলেন, ৮৩ থেকে ২০০০ সাল পর্যন্ত চাকরি করেও এই সময়ে পেনশনের সুবিধা পাব না এটা আমার ওপর অবিচার করা হচ্ছে। অথচ তার জুনিয়নরা একই পদে যোগদান করে তারা যোগদানের পর থেকে বেতর ভাতা ও পেনশন সুবিধা ভোগ করছেন।

বর্তমানে ৭২ বছর বয়সী বেলায়েত হোসেন বয়সের ভারে এখন ন্যুব্জ। নানা রোগে আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। পরিবার-পরিজন নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। সাবেক এই প্রকৌশলী তার বকেয়া বেতন-ভাতা, অবসর ভাতা পেতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত