ঈশ্বরকে নিয়েও রসিকতা করা যাবে: পোপ

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৮:৩৪ পিএম

খ্রিষ্ট ধর্মীয় প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, ঈশ্বরকে নিয়ে রসিকতা করা যাবে; যতক্ষণ পর্যন্ত এটি আপত্তিকর পর্যায়ে না যায়। শুক্রবার ভ্যাটিকান সিটিতে সারা বিশ্ব থেকে আগত শতাধিক কমেডিয়ান, অভিনেতা ও লেখকের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। খবর রয়টার্স ও এপির।

প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাটিকানের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে হুপি গোল্ডবার্গ, জিমি ফ্যালন, কোনান ও'ব্রায়েন, ক্রিস রক, স্টিফেন কোলবার্টের মতো মার্কিন শোবিজ তারকারা উপস্থিত ছিলেন। তবে অতিথিদের মধ্যে দুই-তৃতীয়াংশই ছিলেন ইতালিয়ান।

অনুষ্ঠানে পোপ বলেন, ‘আমরা কি ঈশ্বরকে নিয়ে হাসাহাসি করতে পারি? অবশ্যই। এটা কোনো ধর্মদ্রোহিতা নয়। আমরা আমাদের ভালোবাসার মানুষদের নিয়ে যেভাবে রঙ্গ-তামাশা করি, সেভাবেই এটি হওয়া উচিত।’ 

একটি ভালো রসিকতার উদাহরণ দিতে গিয়ে পোপ বলেন, ‘রসিকতা আক্রমণাত্মক বা অমানবিক হয় না। কিংবা এটি মানুষকে খাটোও করে না।’ ঈশ্বরকে নিয়ে রসিকতার বিষয়ে পোপ একটি উদাহরণ টেনে বলেন, কেউ যখন কোনো মানুষের মুখে হাসি ফোটান, তখন তিনি আসলে ঈশ্বরকেও হাসান।

অনুষ্ঠানে ৮৭ বছর বয়সী পোপ ৩০ মিনিটের বক্তব্য শেষে সব অতিথির সঙ্গে কুশল বিনিময় করেন, সেলফি তোলেন। এ সময় অতিথিদের সঙ্গে অনেক হাসি-ঠাট্টায়ও মেতে ওঠেন তিনি। অতিথিদের অনেকেই তাকে নানা ধরনের উপহার সামগ্রী দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত