মনে হচ্ছিল আমার বুকে ছুরি মেরে ছিদ্র করেছে: শাকিরা

আপডেট : ১৪ জুন ২০২৪, ১০:৪৯ পিএম

স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর অনেকটা ভেঙে পড়েন মার্কিন পপ তারকা শাকিরা। সেই অবস্থা এখন কাটিয়ে উঠেছেন তিনি। তবে সেই সময়ে তিনি যে দুঃখ-কষ্ট সহ্য করেছিলেন, তা ভুলে যাননি। 

বহুল আলোচিত ওই বিচ্ছেদের দুই বছর পরে সম্প্রতি রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাত্কারে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলেছেন এই সঙ্গীত শিল্পী। 

পিকের সঙ্গে বিচ্ছেদকে নিজের জীবনের ‘অন্ধকার সময়’ বলে অভিহিত করে শাকিরা বলেন, ‘আমি যে কষ্ট অনুভব করেছি, তা সম্ভবত আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা ছিল এবং এটি আমাকে মাঝে মাঝে স্বাভাবিক কাজকর্ম করতে বাধা দেয়। '

জনপ্রিয় এই পপ তারকা বলেন, ‘মনে হচ্ছিল কেউ আমার বুকে ছুরি মেরে ছিদ্র করে দিয়েছে এবং তার অনুভুতিটা ছিল একেবারেই বাস্তব, অনেকটাই শারীরিক। আমি শারীরিকভাবেই অনুভব করতাম যেন কেউ আমার বুকে একটি ছিদ্র করে রয়েছে এবং মানুষ আমাকে দেখলেই তা বুঝতে পারবে।'

এর আগে ২০২৩ সালে শাকিরা জানিয়েছিলেন, তার সঙ্গে প্রতারণা করেছিলেন পিকে। শাকিরার সঙ্গে সম্পর্কে থাকাকালীন বর্তমান সঙ্গী ক্লারার সঙ্গে ডেটে যান পিকে। সেই সময় শাকিরার বাবা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই ছিলেন শাকিরা। গত বছর বিচ্ছেদ নিয়ে গানও তৈরি করেন শাকিরা। ২০১০ সালে প্রেমের সূত্রপাত। প্রায় ১২ বছর সম্পর্কে থাকার পর ২০২২-এর জুন মাসে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত