আগামী সপ্তাহেই মাঠে গড়াবে কোপা আমেরিকা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসরটি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ফেভারিটের তালিকায় রয়েছে ব্রাজিলের নামও। তবে দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো সেটা মনে করছেন না।
ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স ছিল হতাশার। কোপার আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র। কিছুদিন আগে কলাম্বিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত। এসবই হতাশ করেছে দেশটির সমর্থকদের। স্বাভাবিকভাবে তাই হতাশ রোনালদিনহোও।
শুক্রবার এক সাক্ষাৎকারে বার্সেলোনা ও এসি মিলানের সাবেক এই মহাতারকা আসন্ন টুর্নামেন্টে ব্রাজিলের শিরোপা জয়ের কোনো সম্ভাবনা দেখছেন না বলে জানিয়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি কোনো খেলা দেখব না। সবকিছুর অভাব, দৃঢ়তা, আনন্দ, ভালো খেলতে না পারা। আমি একটা ম্যাচও দেখব না।’
এবারের টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে অবস্থান করছে ব্রাজিল। আগামী সোমবার কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে সেলেসাওরা।
