ডিপজলের বড় ভাই প্রযোজক শাহাদাৎ আর নেই

আপডেট : ১৫ জুন ২০২৪, ০১:৪৫ পিএম

চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ প্রযোজক। তিনি ঢাকাই চলচ্চিত্রের ‘মুভিলর্ড’ খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বড় ভাই। এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক আবুল হোসেন মজুমদার।

আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, প্রদর্শক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মোহাম্মদ শাহাদাৎ হোসেন (বাদশা ভাই) কিছুক্ষণ আগে শ্যামলীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)। আল্লাহ যেন উনাকে বেহেশত নসিব করেন।’

এর আগে ফেসবুক পোস্টে ডিপজল ভাইয়ের জন্য দোয়া চেয়ে লিখেছিলেন, আমার বড় ভাই হাজি মো. শাহাদাৎ হোসেন (বাদশা ভাই) শুক্রবার ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, কল্যাণপুরে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত