নেত্রকোণার পূর্বধলয় বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শাকিল (১৭) নামে মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এতে অটোরিকশার ৩ জন যাত্রী আহত হয়েছে। বুধবার (১৯ জুন) সকাল আটটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের গুয়ালাকান্দা ইউনিয়নের মহিষবেক নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার শালদিঘা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রীবাহী বাস দুর্গাপুরে বিরিশিরির দিকে যাচ্ছিল। সকালে পূর্বধলার মহিষবের পালপাড়া নামক স্থানে আসা মাত্র বিপরীত দিক থেকে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী শাকিল নামে এক মাছ ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় উৎসুখ জনতা যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ এসে বাস ও অটোরিকশা থানায় নিয়ে যায়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাকিল নামের এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বাস ও অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
