২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন তারা, যেখানে বলা হয়েছে তাদের দুই দেশের বিরুদ্ধে যে কোন ‘আগ্রাসনে’ তারা পরস্পরকে সহায়তার অঙ্গীকার করেছেন।
সফরে কিম জং–উনের জন্য নানা উপহার নিয়ে গেছেন রুশ প্রেসিডেন্ট। এমনকি পুতিনকেও উপহার দিয়েছেন কিম।
রুশ প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, পুতিন কিমকে একটি রাশিয়ান বিলাসবহুল অরাস গাড়ি, একটি অ্যাডমিরালের ছুরি এবং একটি টি সেট উপহার দিয়েছেন। তিনি বলেন, এসব উপহার প্রেসিডেন্ট পুতিনের ভাবমূর্তির সঙ্গে মানানসই।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে শিল্পকর্ম উপহার দিয়েছেন কিম। শিল্পকর্মটিতে একাধিক আবক্ষ মূর্তি রয়েছে বলে জানিয়েছে পুতিনের সহযোগী।
উশাকভ আরও জানান, উত্তর কোরিয়া সফরে কিম জং–উনকে একটি দামি গাড়ি উপহার দিয়েছেন পুতিন। গাড়িটি রাশিয়ার বিলাসবহুল অরাস ব্র্যান্ডের।
এর আগে গত ফেব্রুয়ারিতেও কিম জং–উনকে একটি দামি লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। তবে এবার অরাস ব্র্যান্ডের কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন পুতিন, সেটা জানা যায়নি।
সাধারণতই প্রশ্ন উঠেছে উত্তর কোরিয়ার নেতা কিমকে বার বার কেন দামী ও বিলাবহুল গাড়ি উপহার দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন?
বিবিসি জানায়, বিলাসবহুল গাড়ির শখ রয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। এমনকি কিমের বিলাসবহুল বিদেশি গাড়ির বিশাল সংগ্রহ রয়েছে। তাকে প্রায়শই মার্সিডিজ-মেব্যাচ এস৬০০, রোলস-রয়েস ফ্যান্টম এবং লেক্সাস ৫৭০ সহ বিলাসবহুল গাড়িতে চড়তে দেখা যায়।
তবে বিলাসবহুল পণ্য হওয়ায় জাতিসংঘ উত্তর কোরিয়াতে এগুলোর রপ্তানি নিষিদ্ধ করেছে। ধারণা করা হয়, কিমের সংগ্রহে থাকা গাড়িগুলো বেশির ভাগই বিদেশ থেকে অবৈধভাবে পাচার করা। এমনকি জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুতিন কিমকে ফেব্রুয়ারিতে গাড়ি উপহার দিয়েছিলেন।
গত বছরের সেপ্টেম্বরে রাশিয়াতে সফরের সময়, কিম রুশ প্রেসিডেন্ট পুতিনের অরাস সেনেট লিমুজিনের প্রশংসা করেছিলেন এবং রুশ এই নেতা কিমকে গাড়ির পেছনের আসনে একসাথে বসতে আমন্ত্রণ জানিয়েছিলেন।
তাই ধারণা করা হচ্ছে বন্ধুত্বের প্রতীক হিসেবে বার বার কিমকে গাড়ি উপহার দিচ্ছেন পুতিন। আর কিমও সানন্দে সেগুলো বন্ধুর কাছ থেকে গ্রহণ করছেন।
