শর্তসাপেক্ষে জামিন পেলেন কেজরিওয়াল

আপডেট : ২০ জুন ২০২৪, ১০:০৭ পিএম

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে আম আদমি পার্টির (আপ) প্রধানকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন দিল্লির আদালত। সেইসঙ্গে ওই রায়ের ওপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ৪৮ ঘণ্টার স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিয়েছেন বিচারক। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার (২০ জুন) দিল্লির রউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু এই জামিন আদেশ দেন। আম আদমি পার্টির প্রধান আগামীকাল শুক্রবার (২১ জুন) জেল থেকে বেরিয়ে আসতে পারেন। জামিনের আদেশের চিঠি কারাগারে পৌঁছানোর পরই বের হতে পারবেন তিনি।

এই রায়ের পরই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন আপের নেতাকর্মীরা। দিল্লির মন্ত্রী তথা আপ নেতা অতিশি বলেছেন, ‘সত্যমেব জয়তে।’ উচ্ছ্বাস ধরা পড়েছে পশ্চিমবঙ্গের আপ নেতাদের গলায়। উত্তর ২৪ পরগনার আপের জেলা সভাপতি তুলিকা অধিকারী বলেন, ‘নায়ক ইজ ব্যাক। আমার নেতা অরবিন্দ কেজরিওয়াল জিন্দাবাদ।’

কেজরিওয়ালের যে স্বাভাবিক জামিনের আর্জি জানানো হয়েছিল, তা নিয়ে সওয়াল-জবাব চলেছে আদালতে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অন্যান্য অভিযুক্তদের সঙ্গে কেজরির যোগসূত্র আছে বলে তুলে ধরার চেষ্টা করে ইডি। পালটা কেজরির আইনজীবী দাবি করেন যে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণই নেই কেন্দ্রীয় সংস্থার হাতে। 

সেই শুনানির পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারক শর্তসাপেক্ষে কেজরির জামিন মঞ্জুর করেন। তিনি নির্দেশ দিয়েছেন যে তদন্ত প্রক্রিয়ায় কোনোরকম বাধা তৈরির চেষ্টা করতে পারবেন না কেজরি। কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। সেইসঙ্গে যখনই প্রয়োজন হবে, তখনই আদালতে হাজিরা দিতে হবে। তদন্তেও কেজরিকে সহযোগিতা করতে হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দিল্লির আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত