দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার (২০ জুন) এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে আম আদমি পার্টির (আপ) প্রধানকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছিলেন দিল্লির আদালত। তবে শুক্রবার (২১ জুন) জেল থেকে ছাড়া পাওয়ার আগ মুহূর্তেই দিল্লির হাইকোর্ট তার জামিনে স্থগিতাদেশ দিয়েছে। এতে করে নিম্ন আদালতে জামিন পেয়েও আপাতত জেল থেকে বের হওয়া হচ্ছে না তার।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কেজরিওয়ালের জামিনের বিরুদ্ধে শুক্রবার দিল্লি হাইকোর্টে আবেদন করে তদন্তকারী সংস্থা ইডি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শুরু হয়েছে। আর শুনানির শুরুতেই উচ্চ আদালত নির্দেশ দেন, যতক্ষণ না পর্যন্ত ইডির আবেদনের প্রেক্ষিতে শুনানি হচ্ছে, ততক্ষণ কেজরিওয়ালকে জামিনে মুক্তি দেয়ার নিম্ন আদালতের নির্দেশ কার্যকর করা যাবে না।
এর আগে কেজরিওয়ালের যে জামিনের আর্জি জানানো হয়েছিল, তা নিয়ে দীর্ঘ প্রশ্ন-উত্তর পর্ব চলে দিল্লির আদালতে। আবগারি দুর্নীতি মামলায় অন্যান্য অভিযুক্তদের সঙ্গে কেজরিওয়ালের যোগসূত্র আছে বলে তুলে ধরার চেষ্টা করে ইডি।
এর আগে বৃহস্পতিবার দিল্লির রউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু কেজরিওয়ালের জামিন আদেশ দেন। এই রায়ের পরই উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন আপের নেতাকর্মীরা। দিল্লির মন্ত্রী তথা আপ নেতা অতিশি বলেছিলেন, ‘সত্যমেব জয়তে।’ উচ্ছ্বাস ধরা পড়েছিল পশ্চিমবঙ্গের আপ নেতাদের গলায়। উত্তর ২৪ পরগনার আপের জেলা সভাপতি তুলিকা অধিকারী বলেছিলেন, ‘নায়ক ইজ ব্যাক। আমার নেতা অরবিন্দ কেজরিওয়াল জিন্দাবাদ।’
কেজরিওয়ালের যে স্বাভাবিক জামিনের আর্জি জানানো হয়েছিল, তা নিয়ে সওয়াল-জবাব চলেছে আদালতে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অন্যান্য অভিযুক্তদের সঙ্গে কেজরির যোগসূত্র আছে বলে তুলে ধরার চেষ্টা করে ইডি। পালটা কেজরির আইনজীবী দাবি করেন যে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণই নেই কেন্দ্রীয় সংস্থার হাতে।
সেই শুনানির পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারক শর্তসাপেক্ষে কেজরির জামিন মঞ্জুর করেছিলেন। তিনি নির্দেশ দিয়েছিলেন যে তদন্ত প্রক্রিয়ায় কোনোরকম বাধা তৈরির চেষ্টা করতে পারবেন না কেজরি। কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। সেইসঙ্গে যখনই প্রয়োজন হবে, তখনই আদালতে হাজিরা দিতে হবে। তদন্তেও কেজরিকে সহযোগিতা করতে হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল দিল্লির আদালত। তবে এরপরই কেজরিওয়ালকে জামিন দেওয়ার বিরোধিতায় উচ্চ আদালতের দ্বারস্থ হয় ইডি।
শর্তসাপেক্ষে জামিন পেলেন কেজরিওয়াল
চীনের সূত্র শত্রুর শত্রু মিত্র