রোহিঙ্গা যুবককে জন্মসনদ বানিয়ে দিলেন ইউপি সচিব

আপডেট : ২১ জুন ২০২৪, ০৮:৪৩ পিএম

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় রোহিঙ্গা যুবককে জন্মসনদ প্রদানের অভিযোগে সদর ইউনিয়ন পরিষদের সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার (২১ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত ইউপি সচিবকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে। তার আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের নিমাইকান্দি এলাকা থেকে তাকে আটক করে নিয়ে যায় কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। ইউপি সচিব ইসমাইল কুমিল্লা জেলার আদর্শ উপজেলার গুনানন্দি গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের ভুয়া পরিচয়ে জন্মনিবন্ধন বানিয়ে পাসর্পোট করতে এসে ইয়াছিন (১৯) নামের এক রোহিঙ্গা যুবক কর্মকর্তাদের হাতে আটক হন। পাসর্পোট অফিসের কর্মকর্তারা রোহিঙ্গা যুবককে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক ইয়াছিন গোয়েন্দা পুলিশকে জানায়, সে মিয়ানমারের বলিবাজার এলাকার সৈয়দ হোসেনের ছেলে। মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পর কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে থাকতো। তার চাচাতো ভাই ওসমান কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন একটি ট্রাভেলসের ২ দালালের কাছে পাসপোর্ট করার কন্ট্রাক্ট দেয়। পরে কন্ট্রাক্ট অনুযায়ী দালালরা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল গ্রামের ভুয়া ঠিকানায় রোহিঙ্গা যুবক ইয়াছিনের সকল কাগজপত্র তৈরি করে দেয়।

এই ঘটনায় সে সময় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ। রোহিঙ্গা যুবক কীভাবে জন্মসনদ সংগ্রহ করেছেন এ বিষয়টির তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। তদন্তে ইউপি সচিব ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজনের সম্পৃক্ত থাকার তথ্য পায় গোয়েন্দারা।

এ বিষয়ে মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরীজ এটন বলেন, আমি সচিবকে সর্বোচ্চ সুবিধা দিয়েছি। তারপর তাকে কেন এসব করতে হবে। যারা টাকার বিনিময়ে এসব করেছে তারা শাস্তি পাবে।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, রোহিঙ্গা যুবককে জন্মনিবন্ধন দেওয়ার মামলায় ইউপি সচিব ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে।

মুরাদনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, রোহিঙ্গা জন্মনিবন্ধন সংক্রান্ত সরকারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সেবা চালু রাখার জন্য ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

            

×
সর্বশেষ সর্বাধিক পঠিত