বিয়ের পর কোন ধর্ম পালন করবেন সোনাক্ষী?

আপডেট : ২২ জুন ২০২৪, ১০:২৫ পিএম

বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল। আগামীকাল রবিবার তারা বিয়ে করবেন। তবে তারা দুজন দুই ধর্মের হওয়ায় তাদের নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে। জাহির ইকবাল মুসলিম হওয়ায় গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উঠেছে তা হলো, বিয়ের পর তিনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন?

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, তাদের বিয়ে যেহেতু দুই ধর্মের দুই মানুষের মধ্যে হচ্ছে সেহেতু সেটা নিয়ে চর্চা হয়ে চলেছে। এসব প্রশ্নের খোলাখুলি উত্তর দিয়েছেন সোনাক্ষীর হবু শ্বশুর ইকবাল রতংশী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইকবাল রতংশী জানিয়েছেন, সোনাক্ষী ইসলাম ধর্ম গ্রহণ করবেন না বিয়ের পর। তিনি জোর দিয়ে বলেন, আমার ছেলে ধর্ম বদলাচ্ছে না এটা নিশ্চিত। এটা মনের মিলনের অনুষ্ঠান। ধর্মের এখানে কোনও কাজ নেই। তিনি জানান, ১৯৫৪ সালের বিশেষ ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সামাজিক ভাবে বিয়ে করবেন সোনাক্ষী এবং জহির।

কানাঘুষোয় শোনা যাচ্ছে অভিনেত্রীর বাড়ির লোকজন নাকি খুশি নয় এই বিয়ে নিয়ে। মুসলিম ছেলেকে বিয়ে করায় বলিউডের কিংবদন্তি অভিনেতা ও তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহা মন খারাপ করেছেন বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল। তবে এ বিষয়ে তিনি নমনীয় হয়েছেন। শত্রুঘ্নের বন্ধু শশী রঞ্জন সংবাদমাধ্যমকে বলেন, ‘ও (সোনাক্ষী সিনহা) যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চলেছে। সবাই অংশ নিচ্ছে, শত্রুঘ্নর ভাই আসছে যুক্তরাষ্ট্র থেকে। ওদের বিয়ের রেজিস্ট্রি জাহির ইকবালের বাড়িতে অনুষ্ঠিত হবে। এটা আমাদের সবার জন্য দারুণ আনন্দের একটা মুহূর্ত।’

সোনাক্ষী আর জহির দীর্ঘসময় ধরে প্রেম করছেন। কিন্তু কখনো তারা এই সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। কিন্তু প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। দুজনের ঘনিষ্ঠ ছবি অন্তর্জালে ছড়িয়ে আছে। সোনাক্ষীর জন্মদিনের দিন জহির প্রেমিকার এক ছবি পোস্ট করে নিজের ভালোবাসার কথা প্রকাশ্যে বলেছিলেন। সোনাক্ষীর চেয়ে বয়সে দুই বছরের ছোট জাহির। জাহির ইকবাল ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত