গাজীপুরের ঝুটগুদামে মধ্যরাতে আগুন, ভোরে নিয়ন্ত্রণ

আপডেট : ২৩ জুন ২০২৪, ১২:২৭ পিএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত আড়াইটার দিকে লাগা আগুন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।

তিনি জানান, রবিবার রাত ২টার কিছু সময় পর গাজীপুর সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। ২টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

আগুনের পরিধি বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো মডার্ণ ফায়ার স্টেশনের দুইটি ও গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের দুইটিসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: রুহুল আমিন মোল্লা জানান, মধ্যরাতে লাগা আগুন ভোর রাত ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও, তদন্ত সাপেক্ষে জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত