চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা বৃদ্ধের

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৫:৫৭ পিএম

বগুড়ার আদমদীঘিতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দেলোয়ার সাকিদার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২৩ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দেলোয়ার সাকিদার উপজেলার সদর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত খবির সাকিদারের ছেলে ও ওই শিশুর প্রতিবেশী দাদা।

জানা যায়, শনিবার বেলা ১২ টায় নিজ বসতবাড়ির পাশের মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল ওই শিশুটি। দুপুরে চকলেট দেওয়ার কথা বলে নিজ বসতবাড়িতে ডেকে নিয়ে যান দেলোয়ার সাকিদার। এ সময় ওই শিশুকে শয়ন ঘরের মধ্যে নিয়া গিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। এরপর তার মা আদমদীঘি থানায় এসে ঘটনাটি বলেন। ঘটনার পর পুলিশ ওই গ্রাম থেকে দেলোয়ার সাকিদারকে গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রবিবার (২৩ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত