খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হলো

আপডেট : ২৩ জুন ২০২৪, ১০:০৬ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। আজ রবিবার (২৩ জুন) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়।

তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পেসমেকার বসানোর পর এখন ৭২ ঘণ্টার জন্য খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা দিয়ে সম্পূর্ণ আলাদাভাবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গতকাল শনিবার রাতে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তার শরীরে পেসমেকার বসানোর সিদ্ধান্ত হয়।

জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের হৃদ্‌রোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে ব্লক ছিল। আগে একটা রিং পরানো হয়েছিল। সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়েছে।’

শুক্রবার (২১ জুন) দিনগত রাত সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এরপর দ্রুতই তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করে চিকিৎসা শুরু করে মেডিকেল বোর্ড।

সবশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। তখন চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুদিন চিকিৎসা দেন। এরও আগে গত ২ এপ্রিল রাত ৩টার দিকে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত