ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ঊর্ধ্বতন এক স্বাস্থ্য কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই কর্মকর্তার নাম হানি আল-জাফরাভি। তিনি গাজা উপত্যকার অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের পরিচালক ছিলেন।
গাজা শহরের একটি মেডিকেল ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন জাফরাভি। খবর আল জাজিরা।
গাজার মন্ত্রণালয় আরও জানায়, গাজার স্বাস্থ্যকর্মীদেরকে ইসরায়েলি বাহিনী পদ্ধতিগতভাবে লক্ষ্যবস্তু করা সত্ত্বেও তারা চিকিৎসা সম্পর্কিত মানবিক দায়িত্ব পালন অব্যাহত রাখার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।
এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়টি।
মন্ত্রণালয় জানিয়েছে, হানি আল-জাফরাভির হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলা ও বোমা বর্ষণে নিহত চিকিৎসা কর্মীদের সংখ্যা ৫০০-তে দাঁড়িয়েছে। এবং এ পর্যন্ত অন্তত ৩০০ জনকে আটক করা হয়েছে।
এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫৯৮ জনে। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, টানা আট মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আরও ৮৬ হাজার ৩২ জন মানুষ আহত হয়েছেন।
গাজায় নিখোঁজ ২১ হাজার শিশু, জবাবদিহিতা চায় সেভ দ্যা চিলড্রেন