দুই সন্তানকে সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রমনি ডেসরনভিল (৪১) নামের এক বাবা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ওয়েস্ট হ্যাভেন সৈকতে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া দুই শিশুরই বয়স তিন বছরের কম। তাদের উদ্ধার করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, গত শনিবার মধ্যরাতে ওয়েস্ট হ্যাভেন সৈকতে দুই শিশুকে ডুবিয়ে মারার চেষ্টা করছিলেন তাদের বাবা ডেসরনভিল। রাত আড়াইটার দিকে টহলরত একজন পুলিশ সদস্য সৈকতের পাশে একটি গাড়ি দেখতে পান। গাড়িটি দেখার সময় সমুদ্র থেকে মানুষের চিৎকার শুনতে পান তিনি।
এ সময় ডেসরনভিল ও তার দুই শিশুকে দেখতে পান ওই পুলিশ সদস্য। পুলিশের বিবৃতিতে বলা হয়, ওই পুলিশ সদস্য সৈকতে ডেসরনভিল ও তার শিশুদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সন্তানদের দূরে সরিয়ে নেন ডেসরনভিল। তাকে ফিরে আসতে বললে তিনি আরো দূরে সরে যান।
এ ঘটনায় নিউ ইয়র্কের বাসিন্দা ডেসরনভিলের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও গুরুতর আঘাতের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আরো অভিযোগ আনা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
তদন্তকারীরা বলেছেন, ডেসরনভিল ইচ্ছাকৃতভাবে তার সন্তানদের ডুবিয়ে দিচ্ছিলেন। একপর্যায়ে শিশুদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। হাসপাতালে নেওয়ার আগে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওয়েস্ট হ্যাভেনের মেয়র ডোরিন্ডা বোরর পরে সাংবাদিকদের বলেন, আহত শিশু দুটি সুস্থ হচ্ছে। তবে তাদের অবস্থা এখনো গুরুতর।
কেউ আমার মতো ভুল না করুক: জল্লাদ শাহজাহান
‘সাইকেল চাই না, আমার বাবার লাশটা এনে দেন’