ছোটভাই ও তার বন্ধুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবল বড়ভাইও

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৬:৫৭ পিএম

পাবনায় পদ্মা নদীতে গোসলে নেমে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। আজ সোমবার (২৪ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার চতারাপুর ইউনিয়নের ভাদুরিয়াডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চরতারাপুর ইউনিয়নের নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছাব্বির হোসেন (১৪) ও গোহাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সিয়াম হোসেন (১০)। তারা আলাল প্রামাণিকের ছেলে। এছাড়া চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে কাঁচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নূর হোসেন (১০)।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে বাড়ির পাশের আম গাছের সঙ্গে কয়েকজন আর্জেন্টিনার পতাকা টানাচ্ছিল। রোদে পতাকা টাঙাতে নিষেধ করা হলে তারা গাছ থেকে নেমে যায়। পরে বাড়ি থেকে গামছা নিয়ে নদীতে গোসলে যায়। গোসলের একপর্যায়ে নদীতে ডুবে যায় তারা। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত উদ্ধার করে। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই ছাব্বিরেরও মৃত্যু হয় বলে জানান তারা।

নিহতের বাবা আলাল হোসেন বলেন, ‘আমি এখন কেমন করে বেঁচে থাকব। আমিতো একেবারে এতিম হয়ে গেলাম। দুই ছেলে একই সঙ্গে দুনিয়া ছেড়ে চলে গেল।

চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবু বলেন, কয়েকজন মিলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ৪ জন তলিয়ে যায়। একজনকে বাঁচানো গেলেও তিনজন মারা যায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একসঙ্গে গোসলে নেমে তিনজনের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই বেদনাদায়ক। এখন নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে, তাই সন্তানদের দেখে রাখতে পরামর্শ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত