নিজ হাতে বহু ফাঁসি কার্যকর করা ‘জল্লাদ’ শাহজাহান দীর্ঘ অনেক বছর সাজা খেটেছেন। গেল বছর জেলের সাজা খেটে বের হয়ে মুক্ত বাতাসের দেখা পেলেও খুব বেশিদিন পৃথিবীর আলো দেখতে পারেননি। জেলজীবন থেকে মুক্তির এক বছরেই সোমবার (২৪ জুন) না ফেরার দেশে পাড়ি জমান।
জেল থেকে মুক্তির পরও ভালো ছিলেন না শাহজাহান, এমনটা স্মৃতিচারণ করেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ।
শাহজাহানের মৃত্যুর খবর পেয়ে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে স্মৃতিচারণ করেন অভিনেতা। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এ বছর বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনস থেকে শাহজাহান ভূঁইয়ার লেখা একটা বই প্রকাশ হয়েছিল। বইটির নাম “কেমন ছিলো জল্লাদ জীবন”। মেলার কিংবদন্তী প্রকাশনীতে আমার লেখা একটি বইও ছিল। বইমেলার প্রায় ১৫ দিন আমি কিংবদন্তী স্টলে বসেছি। জল্লাদ শাহজাহানের সঙ্গে আমার কিংবদন্তীর স্টলেই পরিচয়।
‘তার দীর্ঘ জেলজীবন, জল্লাদ হওয়ার গল্প, ফাঁসি দেওয়ার সময় তার মনের অবস্থা, ফাঁসির সময় আসামির ক্রিয়া, এসব বিষয় তার কাছে জানতে চেয়েছি। তিনি খোলামেলাভাবে আমার কথার উত্তর দিয়েছেন।
একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, “মুক্ত জীবন কেমন লাগছে?” তিনি মাথা নিচু করে বললেন, “ভালো না। আমার কেউ নাই। কিচ্ছু নাই। ভালো লাগে না।” আমি বোকার মতো তার দিকে তাকিয়ে রইলাম। ‘আহারে জীবন!’
তিনি আরও লিখেছেন, ‘জীবনের ৪০ বছরের বেশি সময় জেলের চার দেয়ালের ভেতর কাটিয়ে মুক্ত জীবন পেয়েও বলেন তার ভালো লাগে না! আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, “কী করলে আপনার ভালো লাগবে?” তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, “মরে গেলে।”
সবশেষে অভিনেতা আরও লিখেছেন, ‘জল্লাদ শাহজাহান আজ দুপুরে মারা গেছেন। তার চাওয়া পূরণ হয়েছে। ওপারে ভালো থাকবেন জল্লাদ শাহজাহান।’
বিয়ে করে নিঃস্ব হওয়ার দাবি করেছিলেন জল্লাদ শাহজাহান
খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর
৪ দিনের ব্যবধানে দুই ব্যাংকে ডাকাতি, কারাগারে ৮৮ বছরের বৃদ্ধ