গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ মঙ্গলবার (২৫ জুন ) দুপুর ১ টা ৫মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেনাবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন সেনাপ্রধান। শ্রদ্ধা নিবেদন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
