২ বছরে পদ্মা সেতু থেকে আয় কত?

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৪:৪২ পিএম

২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৪ সালের ২৪ জুন পর্যন্ত ২ বছরে পদ্মা সেতু দিয়ে ১ কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ থেকে টোল হিসেবে আয় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটির টাকার বেশি।

আজ মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৪তম বোর্ড সভা শেষ এই তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমরা ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পদ্মা সেতুর সুফল ভোগ করছি। ২১টি জেলার ৩ কোটি মানুষ সুবিধা ভোগ করছে। ৬ কিস্তিতে এখন পর্যন্ত ৯৪৮ কোটি টাকা অর্থ বিভাগকে পরিশোধ করা হয়েছে। আগামী ২৭ জুন সপ্তম কিস্তির ৩১৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।

২৭ জুন গণভবনে সেতু তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছেন বলেও জানান সেতুমন্ত্রী।

তিনি আরো বলেন, আজকের দিনটি আমাদের জন্য অনেক প্রতীক্ষিত। ২ বছর আগে পদ্মা নদীর ওপর পদ্মা সেতু নির্মাণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে নিজ অর্থায়নে এই পদ্মা সেতু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত