নাটোরে এক যুবলীগ নেতার দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় শহরের হেমাঙ্গিনী ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ৪ দিন আগে কারাগার থেকে জামিনে বের হন তিনি। তার নাম হাসানুর রহমান হাসু।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় আনা হয়।
আহত হাসুর স্ত্রী ছালমা খাতুন বলেন, সন্ধ্যায় আম কেনার জন্য আমার স্বামী বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর আমাকে ফোন দিয়ে বলে, আমাকে হাবীব ও রাব্বিরা কুপিয়েছে। পরে আমরা দ্রুত হাসপাতালে এসে দেখি তার দুই পায়ের রগ কেটে দিয়েছে। আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে বারবার তারা হামলা করছে। আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযানে রয়েছে।
উল্লেখ্য, এর আগে (১৬ এপ্রিল) নাটোর পৌরসভার ভেতরে ঠিকাদারী কাজের টাকা ভাগাভাগি নিয়ে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসুর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারালো অস্ত্রের আঘাতে সিহাব হোসেন শিশির নামে একজন নিহত হন। এ সময় হাসুর হাতের আঙুল কেটে যায়। এ ঘটনায় পুলিশ হিরো ও হাসুকে আটক করে। পরে দুইজনই জামিনে বের হন।
