বিমানসেবিকাকে যৌন হেনস্তা, দেরিতে প্রতিক্রিয়া দেওয়ায় অভিযুক্তকে ছাড়

আপডেট : ২৫ জুন ২০২৪, ১১:১৫ পিএম

বিমানসেবিকাকে যৌন হেনস্তার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে রেহাই দিয়ে সমালোচনার মুখে পড়েছে ইতালির একটি আদালত। ভ্যানিটি ফেয়ার ইতালির প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতিতা ৩০ সেকেন্ড দেরিতে প্রতিক্রিয়া দেখানোয় শ্লীলতাহানির মামলায় অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনা ইতালির নারী অধিকার রক্ষা সংগঠনের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

জানা গেছে, ২০১৮ সালের মার্চে এক বিমানসেবিকাকে যৌন হেনস্তা করেন রাফায়েল মেওলা। তার সঙ্গে জরুরি প্রয়োজনে দেখা করতে এসেছিলেন নির্যাতিতা। ডকুমেন্টের পাতা উল্টানোর সময় অভিযুক্ত তাকে যৌন হেনস্তা করেন। বিমানসেবিকাকে স্পর্শ করে চুমু খাওয়ার পাশাপাশি মেসেজ করতে থাকেন তিনি।

বিচারকের বক্তব্য ছিল, শ্লীলতাহানির সময় নির্যাতিতা অনেক বেশি সময় নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। ফলে অভিযুক্ত বিভ্রান্ত হন। নির্যাতিতা প্রায় ৩০ সেকেন্ড পর বাধা দেন। বিচারকের মতে, নির্যাতিতা দেরি করায় অভিযুক্তের কাছে ভুল বার্তা যায়।

এদিকে আদালত এমন কারণ দেখিয়ে অভিযুক্তকে নিষ্কৃতি দেওয়ায় সরব হয়েছে নারী অধিকার রক্ষা সংগঠনগুলো। তারা বলছে, এটি বিপজ্জনক নজির স্থাপন করবে এবং নির্যাতিতাদের অভিযোগ নিয়ে আসতে নিরুৎসাহিত করবে।

তবে ইতালিতে এমন রায় দেওয়ার ঘটনা এই প্রথম নয়। তাই এই রায়কে চ্যালেঞ্জ করা হচ্ছে। নির্যাতিতার আইনজীবী বলেছেন, আমরা সুপ্রিম কোর্টে আপিল করব। কারণ এই বিচার আমাদের ৩০ বছর পিছিয়ে নেবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত