বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে বিস্ফোরণ, আগুন

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৩:০৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে আগুন লেগেছে। এ সময় তেলের ড্রামগুলোতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বুধবার (২৬ জুন) দুপুরে মেঘনা ডিপোর পেছনে বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় সব তেলের ড্রাম বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে মসজিদ, বাসাবাড়ি, সংলগ্ন থানাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে। এদিকে এ ঘটনায় ট্রলারের চার শ্রমিকের মধ্যে একজন নদীর পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আমরা খবর পেয়েছি, দ্রুত ঘটনাস্থলে যাচ্ছি।

মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান বলেন, চারজন শ্রমিক ট্রলারে করে তেল নিয়ে ভোলার মনপুরায় যাচ্ছিলেন। পথিমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চার শ্রমিকের মধ্যে একজন নদীর পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা ডিপোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে ৪ জন শ্রমিক রান্না করছিল বলে শুনেছি। হয়ত সেখানে থেকে এ ঘটনা ঘটতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত