বিছানার চাদরকে রশি বানিয়ে জেল থেকে পালায় ৪ ফাঁসির আসামি

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৪:৫৬ পিএম

কনডেম সেলে বসেই পালানোর পরিকল্পনা। বাইরে থেকেই ছাদ ফুটো করার যন্ত্র সংগ্রহ করেছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি। ছাদ ফুটো করার পর একাধিক বিছানার চাদর গিঁট দিয়ে তৈরি করেন রশি। আর সেই রশি ব্যবহার করেই কনডেম সেল থেকে বের হয়ে প্রাচীর টপকে পালিয়ে যায়।

ঘটনাটি বগুড়া জেলা কারাগারের। বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বুধবার সকাল সোয়া ১০টায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার দিনগত রাত ৩টার পর বগুড়া কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। পরে অভিযান চালিয়ে ভোর ৪টা ১০ মিনিটের দিকে শহরের চেলোপাড়া চাষিবাজারের মাছের আড়ত এলাকা থেকে পলাতক আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

ছবি: দেশ রূপান্তর

এই কয়েদিরা হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আবদুল মান্নানের ছেলে মো. জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ।

বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই চার আসামি ১ জুন থেকে কনডেম সেলে একসঙ্গে ছিলেন। মাত্র ২৫ দিনেই তারা কনডেম সেল থেকে পালানোর পরিকল্পনা ও তা বাস্তবায়ন করে। পুনরায় গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। কারাগার থেকে সরবরাহ করা ছবি দেখে শনাক্ত করা হয় কয়েদিদের।

এ ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির প্রধান হলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কমিটিতে জেলা পুলিশ, গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা এবং নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত