নারায়ণগঞ্জে নাসির (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। মঙ্গলবার (২৫ জুন) রাতে শহরের মন্ডলপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির ফতুল্লা থানার ফরাজিকান্দা আল আমিন নগর এলাকার বাবুল শেখের ছেলে। তিনি হোসিয়ারি শ্রমিকের কাজ করত।
জানা গেছে, রাতে মাদকের কারবার নিয়ে দ্বন্দ্বের জের ধরে নাসিরকে মন্ডলপাড়ায় মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়। পরে দ্রুত তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আল আমিন অভিযোগ করেন, তাদের নিজস্ব হোসিয়ারি আছে। তার ভাই নাসির তার হোসিয়ারিতেই কাজ করতো। সন্ধ্যায় তিনি গেঞ্জি কেনার জন্য মন্ডলপাড়া এলাকায় আসে। এ সময় আলম, শহীদ ডোমের ছেলে ম্যঙ্গোসহ কয়েকজন মিলে তার ভাইকে কুপিয়ে হত্যা করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাৎ হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হবে। হত্যাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানাতে পারবো।
