রামমন্দিরে কীভাবে পানি ঢুকছে জানালেন ট্রাস্ট প্রধান

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৭:১৩ পিএম

উদ্বোধনের পাঁচ মাসের মাথায় ফাটল দেখা দিয়েছে অযোধ্যার রামমন্দিরে। তবে এর নির্মাণে কোনো ত্রুটি নেই বলে মন্তব্য করেছেন শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। মন্দির নির্মাণে প্রযুক্তি, সরঞ্জাম বা অন্য কোনো ত্রুটি নেই। বিদ্যুতের লাইন দিয়েই পানি পড়ছে বলে জানান তিনি।

গতকাল মঙ্গলবার যাবতীয় অভিযোগ উড়িয়ে ‘বিজেপি ঘনিষ্ঠ’ নৃপেন্দ্র মিশ্র বলেন, রামমন্দির নির্মাণের ক্ষেত্রে মানের সঙ্গে কোনো আপস হয়নি। কিন্তু মন্দিরের বিদ্যুতের লাইন বেয়ে পানি ভিতরে চলে আসছে। আর সেটাই চুঁইয়ে পড়ছে ভেতরে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চলতি বছরের ২২ জানুয়ারি লোকসভা ভোটকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তড়িঘড়ি করে মন্দিরটি উদ্বোধন করেন। সে সময়ই অভিযোগ উঠেছিল, মন্দিরের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই লোকসভা ভোট ‘নজরে’ রেখে উদ্বোধন করা হচ্ছে।

উদ্বোধনের পর থেকে গত শনিবার মধ্যরাতেই প্রথমবার ভারী বৃষ্টি হয়। আর সেই ভারী বৃষ্টিতে রামমন্দিরের গর্ভগৃহ ছাদ চুঁইয়ে পানি পড়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর মন্দির নির্মাণে অবহেলার অভিযোগ তুলে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য্য সত্যেন্দ্র দাস দাবি করেন, বৃষ্টির পর মন্দির চত্বর থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এ সময় তিনি মন্দির কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত