ভাঙল তেজস্বীর বিয়ে

আপডেট : ২৭ জুন ২০২৪, ০১:০০ এএম

‘বিগ বস’-এর ১৫তম আসরে বিজয়ী হওয়ার কয়েক দিন পরই তেজস্বী প্রকাশের বাবা ঘোষণা দেন ‘অভিনেতা করন কুন্দ্রাকে বিয়ে করতে যাচ্ছে তেজস্বী।’ কিন্তু ভেঙে গেল এ জুটির প্রেম!

তেজস্বী-করনের ঘনিষ্ঠ একটি সূত্র বলেন, ‘কিছু দিন আগে তেজস্বী ও করন কুন্দ্রার ঝগড়া হয়। এরপর তারা আলাদা হয়ে যাওয়া সিদ্ধান্ত নেন। ঠিক কি কারণে সম্পর্কের জটিলতা তৈরি হয় তা এখনো অজানা।’

এক মাস আগে করন-তেজস্বীর প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। খুব শিগগির এ নিয়ে কথা বলবেন তারা। এসব তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, ‘জনপ্রিয় জুটি হিসেবে তেজস্বী ও করন গত তিনটি বছর উপভোগ করেছেন। হঠাৎ তাদের বিচ্ছেদের খবরটি ভক্তদের মেনে নেওয়া কঠিন। এখনো তারা বিচ্ছেদের ঘোষণা দেননি। তবে খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন।’

বিগ বসের ঘরে করনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তেজস্বী প্রকাশ। গ্র্যান্ড ফিনালে শেষ হলেও এ জুটির প্রেম শেষ হয়নি! বরং তারা তাদের প্রেম পরিণয় দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু হঠাৎ তাদের চলার পথে ছন্দপতন ঘটেছে।

সংগীত পরিবারের সন্তান তেজস্বী। এই টেলি সুন্দরী ছিলেন প্রকৌশলীর ছাত্রী। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস আর টেলিকমিউনিকেশনস বিষয়ে ডিগ্রি নিয়েছেন। ২০১২ সালে লাইফ ওকের ‘২০১২’-এর মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তেজস্বী। এরপর ‘সংস্কার : ধরোহর আপনো কি’, ‘স্বরাগিনী : জোড়ে রিস্তো কে সুর’ ধারাবাহিকে দেখা গেছে তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত