দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সমাবেশের অনুমতি দিয়েছে। গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘দুপুর ২টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে আমরা সমাবেশের জন্য চিঠি পুলিশ কমিশনারের দপ্তরে প্রেরণ করেছি। বিএনপির একটি প্রতিনিধিদলও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। সমাবেশ সফল করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয়ক করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা হয়েছে। ইতিমধ্যে সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি আগামীকাল (আজ) একটি ঐতিহাসিক সমাবেশ হবে।’ এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিতব্য সমাবেশে ঢাকাবাসীসহ দলের সব স্তরের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি।
কর্মসূচির বিষয়ে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দেশ রূপান্তরকে বলেন, ‘দীর্ঘদিন পর নয়াপল্টনে বড় ধরনের সমাবেশ আমরা করতে যাচ্ছি। এর আগে ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি। আশা করছি তারা আমাদের সার্বিক সহযোগিতা করবে। এটা যেহেতু কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি সেহেতু ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি বিলুপ্ত করলেও থানা ও ওয়ার্ডের নেতারা এ কর্মসূচিতে অংশ নেবেন।’
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বক্তব্য রাখবেন দলের জ্যেষ্ঠ নেতারা।
